
ঢাকার মিরপুরে ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং শিল্পখাতের সঙ্গে এর কার্যকর সংযোগ নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক, এমপি। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপারসন ড. ওবায়দুর রব। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, ইউসেপ এসোসিয়েশন এর সম্মানিত সদস্যবৃন্দ, শিল্পখাতের প্রতিনিধি এবং শিক্ষা ও উন্নয়ন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সেমিনারের আগে মাননীয় প্রতিমন্ত্রী এবং আগত অতিথিবৃন্দ ইউসেপ ঢাকা নর্থ রিজিয়নের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেন, বাংলাদেশ উন্নয়ন ও শিল্পায়নের নতুন পর্যায়ে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রাকে টেকসই করতে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা অত্যন্ত জরুরি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারায় নিয়ে আসা এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দেশের অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পখাতের চাহিদা পূরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে বলে অভিমত ব্যক্ত করেন। এ ক্ষেত্রে সরকার, শিল্পখাত ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রধান পথ। এছাড়া “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর” প্রকল্পের পরিচিতি তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু হাসানাত।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইউসেপ বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং জাতীয় উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।
